ঢাকা মহানগর দায়রা জজ আদালতের একটি স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই কমিটি গঠন করে দেন। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের নেতৃত্বে গঠিত ঐ কমিটিতে রয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন, গণপূর্তের সহকারী প্রকৌশলী সবুজ কুমার সান্যাল ও ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী। বিষয়টি নাশকতা কি না কমিটিকে তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল। তিনি বলেন, স্টোর রুমটি মহানগর দায়রা জজের এজলাস কক্ষ সংলগ্ন। অগ্নিকাণ্ডের পর এজলাস কক্ষটি অল্প ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সকালে বিচারক ইমরুল কায়েশ অন্য একটি আদালতে বসে মামলার শুনানি গ্রহণ করেন। দুপুরের পর এজলাস কক্ষটি ঠিক হলে সেখানে বসে বিভিন্ন মামলায় শুনানি গ্রহণ ও আদেশ দেন মহানগর দায়রা জজ।
