ইন্টারপোলের মাধ্যমে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারকে (পিকে) দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক। ইতিমধ্যে প্রাথমিক কাজ শেষ করা হয়েছে। দুই/এক দিনের মধ্যে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
দুদক কৌঁসুলি বলেন, আলোচিত ব্যক্তি পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। তিনি হাইকোর্টকে আসি বলেও দেশে আসলেন না। উনি হাইকোর্টকে ধোঁকা দিয়েছেন। কাজেই তার বিরুদ্ধে তো আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে। সেজন্য দুদক খুব কঠোরভাবে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে আনার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক কার্য শেষ হয়েছে। অচিরেই ইন্টারপোলের কাছে হয়তো চিঠি চলে যাবে। বর্তমানে তিনি কানাডা অথবা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থান করে থাকতে পারেন বলে জানান দুদক কৌঁসুলি।
প্রসঙ্গত সাড়ে ৩ হাজার কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার বিশেষ আদালত। এর আগে হাইকোর্ট পিকে হালদার দেশে ফেরা মাত্র তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। কিন্তু উচ্চ আদালতের আদেশের পর তিনি দেশে ফিরবেন না বলে জানান।
