ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ

নারীদের জন্য ১১ ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১২:৩১

দেশজুড়ে শক্তির প্রায় ৫ লাখ ৫০ হাজার নারী সদস্যকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে চালু করা হয়েছে ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র। ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারীদের জন্য এই ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো চালু করা হয়েছে। মমগলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিএইচ এবং শক্তি ফাউন্ডেশন।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোট ১১টি শক্তি মেডিকেল কেয়ার সেন্টারকে (এসএমসিসি) ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্রে  রূপান্তরিত করেছে ডিএইচ এবং শক্তি ফাউন্ডেশন। পাশাপাশি উন্নত মানের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে পরবর্তীতে আরও ৭০টি শক্তি মেডিকেল কেয়ার সেন্টারে একই উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তারা। বর্তমানে, শক্তির ঋণগ্রহীতা ও তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে স্ত্রীরোগ, শিশু, চর্ম ও মেডিসিন বিশেষজ্ঞসহ এমবিবিএস ডাক্তারদের সাথে কল, চ্যাট ও ভিডিও কলের মাধ্যমে পরামর্শ নিতে পারছেন। সেবা কার্যক্রম  শুরুর প্রথম তিন দিনে ১০০ জনেরও বেশি সদস্যকে সেবা প্রদান করা হয়েছে, যার মধ্যে ৩০ জন স্ত্রীরোগ এবং ২০ জন শিশুরোগ নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে দেখা করেছেন।  

এ বিষয়ে ডিজিটাল হেলথকেয়ার সলিউশানসের সিসিও অ্যান্ড্রু স্মিথ বলেছেন, ভিডিও কলের মাধ্যমে গ্রামের মানুষদের জন্য উন্নত মানের চিকিৎসা ও  বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে ১১টি ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময়ের সাথে সাথে আমরা নারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে প্রাথমিক পরীক্ষা ও রোগ সনাক্তকরণ, নিরাপদ পরীক্ষা-নিরীক্ষা এবং মানসম্পন্ন ওষুধের জন্য একটি নির্ভরযোগ্য স্থান হিসাবে প্রতিষ্ঠা করার পাশাপাশি সেই গ্রামগুলোকেও  অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলবো। কয়েক হাজার নারী ও পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবায় এটি হবে বাংলাদেশের জন্য একটি নতুন অফলাইন-অনলাইন মডেল।

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ বলেছেন, বর্তমান সময়ে যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে ভার্চুয়াল সার্ভিস প্রয়োজনীয় হয়ে উঠেছে, তখন শক্তি, ডিজিটালাইজেশনের মাধ্যমে তার সুবিধাবঞ্চিত গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণে প্রযুক্তির ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করেছে। ডিজিটাল হেলথকেয়ার সলিউশানসের সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী নারী ও তাদের পরিবারের সদস্যদের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে অনলাইন পরামর্শের দ্বারা মানসম্মত স্বাস্থ্যসেবা সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য। প্রযুক্তির মাধ্যমে এভাবে নারীদের সুস্বাস্থ্য ও সামগ্রিক ক্ষমতায়ন নিশ্চিত করা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি উদাহরণ।

এছাড়াও শক্তি  ফাউন্ডেশনের সদস্যদের জন্য 'ডিজিটাল হসপিটাল' অ্যাপের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করেছে শক্তি এবং ডিএইচ। এর ফলে সেবা গ্রহণে আগ্রহীরা যেকোনো সময় ০৮ ০০০ ১১১ ০০০ (টোল ফ্রি) নম্বরে কল করে অথবা চ্যাট এবং ভিডিও কলের মাধ্যমে ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারবেন।  তাছাড়া ডিজিটাল হসপিটাল থেকে শক্তি ফাউন্ডেশনের পাঁচ হাজার সদস্যদের নিয়ে নতুন হেলথ প্ল্যান  এর পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এতে করে আনলিমিটেড ডক্টর অ্যাকসেস সহ ডিজিটাল হসপিটালের ‘আমরা সুরক্ষিত’ প্যাকেজ এর মাধ্যমে হাসপাতাল খরচের উপর সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ক্যাশ-ব্যাক পাওয়া যাবে।

ইত্তেফাক/জেডএইচডি