মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৩:৫২

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ইমন নামে এক মোটরসাইকেল আরোহীর করুন মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, উপজেলার ভালাইপুর-খালিশপুর সড়কের বালির গর্ত নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বামনগাছি গ্রামের মতিয়ার রহমানের ছেলে ইমন (২০) ঘটনাস্থলে নিহত হন এবং তার সাথে থাকা একই গ্রামের আবুল হসেনের ছেলে রিপন (৩০) নামে একজন গুরুতর আহত হন। 

এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।  

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। উদ্ধারের জোর চেষ্টা চলছে। 

ইত্তেফাক/কেকে