নেত্রকোনার পূর্বধলায় ডাক্তারের ভুল চিকিৎসায় জোনাকী নামের ১০ মাসের এক শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত ডাক্তার গোলাম মোস্তফাকে বুধবার সকালে আদালতে পাঠিয়েছে পূর্বধলা থানা পুলিশ।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের হাসপাতাল গেইট সংলগ্ন মা ডায়গনস্টিক সেন্টারে ওই ডাক্তারের চেম্বারে ভুল চিকিৎসায় ওই শিশুটি মারা যায় বলে অভিযোগ উঠে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ডাক্তারের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর এ ঘটনায় উত্তেজিত জনতা ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতাল ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অভিযুক্ত গোলাম মোস্তফাকে তাদের হেফাজতে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করায় অভিযুক্ত ডাক্তারকে জিডি মূলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ময়না তদন্তের জন্য শিশুর লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: পাইকগাছায় ৫ ঔষধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
প্রসঙ্গত, উপজেলা সদর ইউনিয়নের ভিতরগাঁও গ্রামের জাহাঙ্গীরের ১০মাসের শিশু কন্যা জোনাকীর মাথায় একটি টিউমার অপারেশনের জন্য ওই চিকিৎসকের কাছে যায়। পরে অপারেশনের জন্য শিশুটির মাথায় লোকাল এনেসথেসিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি খিচুনি শুরু হয়। তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/আরআই
