অ জে য় চৌ ধু রী
ফারজানা চুমকি ১৯৯৯ সালে ‘লাক্স আনন্দধারা’ ফটোজেনিক প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন। তার অভিনীত প্রথম নাটক ছিল সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের নির্দেশনায় ‘জীবন যেখানে যেমন’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন গাজী রাকায়েত। ২০০৩ সালের ভালোবাসা দিবসে তিনি মীর সাব্বিরকে বিয়ে করেন। তার প্রথম বিজ্ঞাপন পিন্টুর নির্দেশনায় ‘উইন্টারগার্ড লিপজেল’। মীর সাব্বিরের সঙ্গে তার অভিনীত প্রথম টেলিফিল্ম খায়রুল বাশারের ‘হূদয়ে বসতি’।
দীর্ঘ আট মাসেরও বেশি টিভি নাটকে অভিনয়ে নেই দর্শকপ্রিয় নাট্যাভিনেত্রী ফারজানা চুমকি। কিন্তু এরইমধ্যে তিনি মঞ্চে অভিনয়ে ফিরেছেন। ‘ঢাকা থিয়েটার’র নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটক গত মাসের শেষ সপ্তাহে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে। নাটকটি রচনা করেছেন আনন জামান এবং নির্দেশনায় দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এতে চুমকি অভিনয় করেছেন মনমিতা চরিত্রে। টিভি নাটকে অভিনয়ে না ফিরলেও মঞ্চে ফেরা প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, আমি চেয়েছি করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আগামী বছরের শুরু থেকে টিভি নাটকে অভিনয় করব। কিন্তু এরমধ্যে নিজের দলের নতুন নাটকে এই পরিস্থিতির মধ্যেই অভিনয় করতে হলো। মনমিতা চরিত্রটি আমার ভীষণ ভালোলাগা একটি চরিত্র। নাটকটির গল্প এই সময়ের হলেও নাট্যকার নাটকটি অনেক আগে লিখেছেন। তিনি কীভাবে অনেক আগে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে লিখেছেন তা সত্যিই আমার কাছে ভাবনার বিষয় ছিল। যাইহোক নতুন এ নাটকটিতে অভিনয় করে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি।
চুমকি জানান, আগামী ২০ ও ২১ নভেম্বর আবারও রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটকটির মঞ্চায়ন হবে। এদিকে চুমকি গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় ‘পাপ-পূণ্য সিনেমাতে অভিনয় করেছেন। এটি তার প্রথম অভিনীত সিনেমা। যে কারণে সিনেমাটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন চুমকি। ১৯৯৯ সাল থেকে চুমকি ‘ঢাকা থিয়েটার’র হয়ে মঞ্চে অভিনয় করছেন। মঞ্চে তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘যৈবতী কইন্যার মন’, ‘হাত হদাই’, ‘বন পাংশুল’ ও ‘প্রাচ্য’। চুমকি জানান, মঞ্চে অভিনয় করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যে কারণে টিভি নাটকে এখনো অভিনয়ে না ফিরলেও মঞ্চ নাটকে ঠিকই ফিরেছেন। চুমকি সর্বশেষ কাজী ইলিয়াস কল্লোলের পরিচালনায় ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয় করেন।
