ফ য় জু ল আ ল আ মী ন
খ্যাতিমান সংগীত ব্যক্তিত্ব বশির আহমেদের ৮১তম জন্মদিন ছিল গতকাল বুধবার। এই উপলক্ষে গত বছরের মতো এই বছরও একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেন তার পুত্র-কন্যা সংগীতশিল্পী হোমায়েরা বশির এবং রাজা বশির। গত বছর ৮০তম জন্মদিনে তারা প্রবর্তন করেন ‘বশির আহমেদ সম্মাননা পদক’। সংগীতের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের গুণী ব্যক্তিত্বদের এই সম্মানে ভূষিত করা হয়। এবার দ্বিতীয়বারের মতো বশির আহমেদ সম্মাননা পদক-২০২০ প্রদান করা হয়। গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, সাংবাদিক, যন্ত্রসংগীত এবং বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ মোট ৬টি ক্যাটাগরিতে এই সম্মননা প্রদান করা হয়। আর এবার এই সম্মাননা লাভ করেছেন গাজী মাজহারুল আনোয়ার (গীতিকার), সুজেয় শ্যাম (সুরকার), মিলন ভট্টাচার্য (যন্ত্রসংগীত), ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী (সংগীতশিল্পী), লিয়াকত আলী লাকী (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) এবং নঈম নিজাম (সাংবাদিকতা)।
গত বছর অনুষ্ঠানটি সরাসরি হলেও সংকটময় এই সময়ের কারণে ভার্চুয়ালি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্যোক্তা হোমায়েরা বশির এবং রাজা বশির জানিয়েছেন, সম্মাননা পদক আগেই প্রাপ্য ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের সেই সম্মাননা গ্রহণের দৃশ্য এবং অনুভূতির অংশটুকু আমরা অনুষ্ঠানে অনলাইনে দেখিয়েছি। সারগাম ইন্টারন্যাশনাল মিউজিক্যাল একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় ভক্তিমূলক গান ছিল পর্বের শুরুতেই। এছাড়া অনুষ্ঠানের পর্বে পর্বে গান গেয়েছেন বাপ্পা মজুমদার, হোমায়েরা বশির, দিঠি আনোয়ার, রাজা বশির, ইউসুফ আহমেদ খান, সোহেল মেহেদী, ইব্রাহিম খলিল এবং মেসবাহ আহমেদ। এছাড়া বশির আহমেদের সুরে হোমায়েরা, রাজা বশির এবং ইব্রাহিম খলিলের তিনটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয় তাদের ইউটিউব চ্যানেলে। সারগাম সাউন্ড স্টেশন পেজে গতকাল রাত ৮টায় সম্মাননা পদক প্রদানের বিশেষ আয়োজনটি দেখা যায়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন, আর টিভি, ডিবিসি টিভি এবং রেডিও ক্যাপিটালের পেজ থেকেও একযোগে সম্প্রচার করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ এপ্রিল মৃত্যুবরণ করেন বাংলা গানের কিংবদন্তী শিল্পী বশির আহমেদ।
