এই সময়ের নাগিন

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:০৪

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

শ্রদ্ধা কাপুর নাগিন হয়ে আসছেন রূপালি পর্দায়। ইচ্ছাধারী নাগিনরূপে তাকে দেখা যাবে পর পর তিন ছবিতে। নাগিন চরিত্রে অভিনয়ের প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। বর্তমানে তিনি নাগিন চরিত্রে রূপদানের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করছেন।  দর্শক এতদিন বিভিন্ন ছবিতে নানা ধরনের চরিত্রে দেখে আসছেন শ্রদ্ধাকে। তবে সবকিছু ছাপিয়ে পাশের বাড়ির চেনামুখ মেয়েটির ইমেজেই দর্শকের কাছে বেশ জনপ্রিয় ৩৩ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী। গত বেশ কিছুদিন ধরে বলিউডে নাগিন চরিত্র নিয়ে কোনো নতুন সিনেমা তৈরি হয়নি। তবে ছোটপর্দায় একতা কাপুরের বালাজি টেলিফিল্মস ‘নাগিন’ সিরিয়ালটি ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ঘরোয়া দর্শকদের বিরাট একটি অংশকে আবিষ্ট করে রেখেছে। ছোটপর্দায় নাগিন সেজে বেশ সাড়া জাগিয়েছেন মৌনি রায়, হিনা খান, আদাহ খান, সায়ন্তনি ঘোষ, কারিশমা তান্না প্রমুখ। ছোটপর্দায় ‘নাগিন’ সিরিয়ালের বিপুল জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে প্রযোজক নিখিল দিবেদি বড়পর্দার জন্য নাগিন ট্রিলজি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। নাগিন ফ্রাঞ্চাইজির তিনটি সিনেমা তৈরি হবে; ছবি তিনটি পরিচালনা করবেন বিশাল ফুরিয়া। এবারের ‘নাগিন’ ছবিতে নাম ভূমিকায় অর্থাত্ নাগিন চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। আইকনিক এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে সানন্দে রাজি হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে অনেকটা উচ্ছ্বসিত হয়ে বলিউডের জনপ্রিয় এই তন্বী অভিনেত্রী বলেন, ‘অতি প্রচলিত পুরানো রূপকথার শিহরণ জাগানো গল্পের ‘নাগিন’ ছবি দেখতে দেখতে বড় হয়েছি বিশেষ করে শ্রীদেবী ম্যাম অভিনীত ‘নাগিন’ এবং ‘নিগাঁহে’ ছবি দুটি দেখতে দেখতে আবিষ্ট হয়েছি, কতবার মনে মনে ভেবেছি যদি তার মতো নাগিন সাজতে পারতাম রূপালি পর্দায়। অবশেষে সেই সাধ পূরণ হতে যাচ্ছে আমার। ‘নাগিন’ ট্রিলজির তিনটি সিনেমায় আমি মূল ভূমিকায় অভিনয় করব, ব্যাপারটি আমার জন্য নিঃসন্দেহে গৌরবের। বেশ ভালো একটি সুযোগ পাচ্ছি আমি, ‘নাগিন’ হয়ে দর্শকমনে নতুনভাবে শিহরণ তুলতে চাই। আগে অনেক অভিনেত্রীই নাগিন হয়ে এসেছেন দর্শকদের সামনে। দর্শক আমার কাছে নিশ্চয়ই ভিন্ন কিছু প্রত্যাশা করবে। ফলে এ কাজটি আমার জন্য মস্তবড় চ্যালেঞ্জও বটে। একালের নাগিন কাউকে হতাশ করব না, কথা দিচ্ছি।’

জানা গেছে, ছোটপর্দায় প্রচারিত ‘নাগিন’ সিরিয়ালের পাঁচ সিজনের গল্পকে বড় পর্দায় নাগিন ট্রিলজির তিনটি ছবিতে তুলে ধরা হবে। অত্যাধুনিক কারিগরি প্রযুক্তির চমক থাকবে ফ্যান্টাসি ধাঁচের ‘নাগিন’ ট্রিলজির ছবিগুলোতে। আশিকী টু, এক ভিলেন, হায়দার, বাগিন, হাফ গার্লফ্রেন্ড, ওকে জানু, স্ত্রী, ছিচোড়ে প্রভৃতি সিনেমায় চমত্কার অভিনয়ে দর্শকমন জয় করা শ্রদ্ধা কাপুর এবার ফ্যান্টাসি ধাঁচের বহুল আলোচিত জনপ্রিয় নাগিনের ভূমিকায় আসছেন রূপালি পর্দায়, দর্শক তাকে নতুন এই ভূমিকায় দেখার জন্য এখন থেকে উত্তেজনা নিয়ে অপেক্ষা করছেন। এমনিতে তার ক্যারিয়ারে গত কিছুদিন ধরে যে মন্দাভাব গ্রাস করেছে তা কাটাতে ‘নাগিন’ ট্রিলজি শক্তিশালী ভূমিকা রাখবে নিঃসন্দেহে। শ্রদ্ধা নিজেও তেমনটিই প্রত্যাশা করছেন।