জার্মানিকে ৬ গোল স্পেনের!

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৩৪

স্পোর্টস রিপোর্টার

ইউক্রেনের মাঠে হার, সুইজারল্যান্ডের মাঠে ড্র; দুই অ্যাওয়ে ম্যাচে হোঁচটের পর জয়ের বিকল্প ছিল না স্পেনের। খাদের কিনারায় দাঁড়িয়ে যেন স্বমহিমায় জ্বলে উঠল দলের সবাই; খেলল পরিকল্পিত আক্রমণাত্মক ফুটবল। তরুণ ফেররান তরেসের দারুণ হ্যাটট্রিকে জার্মানিকে গোলবন্যায় ভাসিয়ে নেশনস লিগের শিরোপা লড়াইয়ে পা রাখল লুইস এনরিকের দল।

সেভিয়ায় গত মঙ্গলবার রাতে ড্র করলেই লক্ষ্য পূরণ হতো জার্মানির; কিন্তু ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি তারা। ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ফাইনালে ওঠার লড়াইয়ে ৬-০ গোলে জিতেছে স্পেন। তাদের অন্য তিন গোলদাতা আলভারো মোরাতা, রদ্রি ও মিকেল ওইয়ারসাবাল।

প্রথম রাউন্ডে গত সেপ্টেম্বরে জার্মানির মাঠে পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ের শেষ দিকের গোলে ১-১ ড্র করে ফিরেছিল স্পেন। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেই প্রতিপক্ষকে এবার দাঁড়াতেই দিল না তারা। প্রতিযোগিতামূলক ফুটবলে জার্মানির এটাই সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।

মোরাতার নৈপুণ্যে সপ্তদশ মিনিটে প্রথম গোল পেয়ে যায় স্পেন। খানিক পর আবারও জালে বল পাঠান মোরাতা; কিন্তু অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। প্রবল চাপ ধরে রেখে ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। লাইপজিগের মিডফিল্ডার দানি ওলমোর হেড ক্রসবারে লেগে ফেরার পর ফাঁকায় বল পেয়ে জোরালো শটে জালে পাঠান ম্যানচেস্টার সিটির তরুণ ফরোয়ার্ড তরেস।

একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যতিব্যস্ত জার্মানির যেন কোনো জবাব জানা ছিল না। ৩৮তম মিনিটে আরো একটি ধারালো আক্রমণ কোনোমতে কর্নারের বিনিময়ে ফেরান ডিফেন্ডার ফিলিপ মাক্স। কোকের নেওয়া ঐ কর্নারেই হেডে স্কোরলাইন ৩-০ করেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে জার্মানির ঘুরে দাঁড়ানোর আশা বলতে গেলে শেষ হয়ে যায়। পালটা আক্রমণে হোসে গায়ার পাশ ডি-বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তরেস।

৭১তম মিনিটে দুর্দান্ত গোলে হ্যাটট্রিক পূরণ করেন তরেস। নাপোলির মিডফিল্ডার রুইসের পাশ ডি-বক্সের ঠিক বাইরে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো নিচু শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

শেষ দিকে জার্মানি হজম করে আরেকটি। ৮৯তম মিনিটে হোসে গায়ার পাশ পেয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ৬-০ করেন রিয়াল সোসিয়েদাদের উইঙ্গার ওইয়ারসাবাল।

ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পরের পর্বে পা রাখল স্পেন। দুই জয় ও তিন ড্রয়ে জার্মানির পয়েন্ট ৯।