অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৩৫

স্পোর্টস রিপোর্টার

করোনামুক্ত হয়েই মাঠে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলনও করেছেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক। গত সোমবার রাতে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছিলেন তিনি। তারপর আরো এক দিন বিশ্রাম শেষে অনুশীলনে ফিরলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

গতকাল সকাল ১০টায় মিরপুর স্টেডিয়ামে এসে রানিং করেছেন মাহমুদউল্লাহ। পরে কিছুটা বিশ্রাম নিয়ে চলে গেছেন ইনডোরে। সেখানে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।

বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মাহমুদউল্লাহ। কয়েক দিনের বিরতি পড়ায় ব্যাটে-বলে ছন্দে ফিরতে হয়তো কিছুটা সময় লাগবে। এই টুর্নামেন্টে জেমকন খুলনার নেতৃত্ব দিবেন তিনি। আগামী কয়েক দিন টানা অনুশীলন করবেন বলেই পূর্ণ ফিট মাহমুদউল্লাহকেই পাবে খুলনা। যদিও করোনা আক্রান্ত হওয়ায় ফিট হতে সময় লাগবে ভেবে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলে টানেনি তাকে।