পাঁচ দলের করোনা পরীক্ষা কাল

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৩৬

বঙ্গবন্ধু টি-২০ কাপ

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু টি-২০ কাপ চলাকালীন বায়ো সেফটি বাবল তথা জৈব সুরক্ষাবলয়ে থাকবে পাঁচটি দল। ক্রিকেটার, কোচসহ দলের কর্মকর্তারা থাকবেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। স্টেডিয়ামে তাদের সংস্পর্শে আসবে গ্রাউন্ডসম্যানরা। সার্বিকভাবে জৈব সুরক্ষাবলয় তৈরির জন্য কাজ করছে বিসিবি।

টুর্নামেন্ট উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) পাঁচটি দলের ক্রিকেটারসহ সবার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হবে। হোটেলকর্মী, গ্রাউন্ডসম্যানদেরও নমুনা দিতে হবে। গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। টুর্নামেন্ট-সংশ্লিষ্ট সবাই সুরক্ষাবলয়ের অধীনে থাকবেন।

জানতে চাইলে গতকাল দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘পাঁচ দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের নমুনা নেওয়া হবে ২০ নভেম্বর। দলগুলো হোটেলে উঠবে ২১ নভেম্বর। তার আগে হোটেলকর্মী, ৫০ জন গ্রাউন্ডসম্যানের নমুনা নেওয়া হবে। গ্রাউন্ডসম্যানরা মিরপুর ক্রীড়াপল্লিতে থাকবে। ওখানে থেকে মাঠে তাদের যাতায়াতের পথসহ পুরোটা কীভাবে নিরাপদ রাখা যায় তা আমরা দেখছি, এসব পরিদর্শন করে দেখেছি। যাতে বায়ো বাবল ঠিক থাকে।’