প্রবাহ :বাক্কো সদস্যদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সুবিধা

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৩৭

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সদস্যদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সুবিধা ও আর্থিক প্যাকেজ ‘প্রবাহ’ চালু করেছে ব্র্যাক ব্যাংক । ‘প্রবাহ’ প্যাকেজটি বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং অন্যান্য আউটসোর্সিং সংস্থাগুলোর জন্য অর্থের যোগান, ব্যবসা সমপ্রসারণ এবং ফিক্সড অ্যাসেট ক্রয়ে সহায়ক হবে। ‘প্রবাহ’-এর মাধ্যমে বাক্কো সদস্যরা এক কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও বাক্কো’র নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুদের হার থাকছে মাত্র ০৭ শতাংশ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার গত শনিবার প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল প্রোগ্রামে ‘প্রবাহ’-এর উদ্বোধন করেন ।

উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘বিপিও সেক্টর নিঃসন্দেহে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই লক্ষ্যে প্যাকেজটি আর্থিক সক্ষমতা ও অন্তর্ভূক্তি নিশ্চিত করার মাধ্যমে দেশের বিপিও সেক্টরে সামগ্রিক পরিবর্তন আনতে ভূমিকা পালন করবে।’

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের বিপিও শিল্পের বৈশ্বিক সম্ভাবনার বিষয়ে আমরা আশাবাদী। বাক্কো’র সদস্যদের অর্থের যোগান দিতে এবং তাদের ব্যবসায়ের সত্যিকারের উন্নয়নে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। মানুষকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের আরো কাছে নিয়ে যেতে ব্র্যাক ব্যাংক বদ্ধপরিকর। আর আইসিটি সেক্টরের প্রতি আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখব, কারণ তাদের উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের ব্যাংকিং পরিষেবাগুলোকে ডিজিটাইজড ও উন্নত করতে সক্ষম হবো।’ বাক্কো’র সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন তার স্বাগত বক্তব্যে বলেন, ‘প্রবাহ প্যাকেজটি দেশের বিপিও খাতের ব্যবসায়ীদের আর্থিক সংকট কাটিয়ে উঠে নতুন নতুন ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’। সেই সাথে এসএমই উদ্যোক্তাদের কাছ থেকে জামানত না নিয়ে বরং স্ট্রাকচারড অ্যাসেসমেন্ট পদ্ধতি অনুসরণ করে অধিক ঋণ প্রদানের জন্য সকল ব্যাংকগুলোর প্রতি তিনি আহ্বান জানান ।

ব্র্যাক ব্যাংকের হেড অফ এসএমই সৈয়দ আবদুল মোমেন অনুষ্ঠানে প্রবাহের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো উপস্থাপনা করেন এবং মডেল কীভাবে বাক্কো সদস্যদের সহায়তা করবে তা ব্যাখ্যা করেন । তিনি বলেন, ‘প্রবাহ বিপিও সংস্থাগুলোকে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজার অন্বেষণে এবং তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন ক্লায়েন্ট তৈরি করতে সহায়তা করবে।’ অনুষ্ঠানটি ব্র্যাক ব্যাংক এবং বাক্কো দুই প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচার করা হয়। বাক্কো’র পরিচালক জারা মাহবুব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন । অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, ‘বাক্কো দীর্ঘদিন ধরে তার সদস্য সংস্থাগুলোর অবকাঠামোগত বিকাশসহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কাজ করে আসছে। আমরা আশাবাদী যে ব্র্যাক ব্যাংকের সাথে আমাদের এই উদ্যোগ আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর অর্থের যোগান নিশ্চিত করবে এবং এর ফলে তারা মানসম্পন্ন ব্যাংকিং পরিষেবাগুলির অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন।’