পুতিনকে দায়মুক্তি দিতে আইন করছে রাশিয়া

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৩৯

বিবিসি

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমাতে দেশটির প্রেসিডেন্ট ও তাদের পরিবারের সদস্যদের দায়মুক্তি দেওয়ার একটি আইন প্রাথমিকভাবে পাশ হয়েছে। জুলাই মাসে অনুষ্ঠিত গণভোটে যেসব সংবিধান সংশোধনী পাশ হয়েছিল, সেগুলোর মধ্যে এটিও ছিল। তবে আইনটি চূড়ান্ত হতে আরো কয়েকটি ধাপ বাকি আছে।

রাশিয়ার পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষ পুতিনের দলের নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার ডুমাতে প্রথমবার উত্থাপনে আইনটি পাশ হয়েছে। এখানকার সদস্যরা বেশির ভাগই পুতিনপন্থি ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য। বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছেন ৩৭ জন কমিউনিস্ট এমপি। আরো দুই বার এটি উত্থাপন করা হবে। এরপর তা যাবে উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে। সেখানে পাশ হলে এটি স্বাক্ষরের জন্য প্রেসিডেন্টের কাছে যাবে। দায়মুক্তি ধারাতে একজন সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যরা যে কোনো পুলিশি তত্পরতা, যেমন—তল্লাশি বা জিজ্ঞাসাবাদ বা তাদের সম্পত্তি জব্দ করা থেকে রক্ষা পাবেন। ষড়যন্ত্র বা বিশেষ কোনো ধরনের অপরাধ ছাড়া জীবদ্দশায় তাদের দ্বারা সংঘটিত অপরাধের জন্য বিচার করা যাবে না। পুতিনের চতুর্থ মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। কিন্তু সংবিধান সংশোধনীর ফলে তিনি আরো দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তার বয়স এখন ৬৮ বছর। এখন পর্যন্ত তার উত্তরসূরি হিসেবে কাউকে বেছে নেওয়া হয়নি।