ব্লকে ২৬ কোম্পানির ৪৬ কোটি টাকার লেনদেন
ইত্তেফাক রিপোর্ট
মঙ্গলবার উত্থান হলেও গতকাল বুধবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে এদিন বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। এতে গতকাল ডিএসইতে সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে। জানা গেছে, ডিএসইতে গতকাল ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা তিন মাস ১৮ দিন বা ৭৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৯ জুলাই রবিবারের চেয়ে কম লেনদেন হয়েছে। ঐ দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার।
গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৮৭ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট এবং সিডিএসইসি ২ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১২৬ দশমিক ৫৫ পয়েন্ট, ১ হাজার ৬৯৯ দশমিক ৭৭ এবং ১ হাজার দশমিক ২৮ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির বা ২৫ দশমিক ৫৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৪টির বা ৫১ দশমিক ৯৪ শতাংশের এবং ৮২টি বা ২৪ দশমিক ৪৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬০ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮৫ দশমিক ৩৩ পয়েন্টে। গতকাল সিএসইতে হাত বদল হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর। গতকাল সিএসইতে ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ব্লকে ২৬ কোম্পানির ৪৬ কোটি টাকার লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, কোম্পানিগুলোর ১ কোটি ৮৭ লাখ ৮ হাজার ৭৩৩টি শেয়ার ৫৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪৬ কোটি ২৯৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ১১ কোটি ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৪০ লাখ টাকার ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
এছাড়া এডিএন টেলিকমের ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকার, অগ্নি সিস্টেমসের ৫ লাখ ৫০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের ১৫ লাখ ৬০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ১৪ লাখ ২৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯ লাখ ৩ হাজার টাকার, কপারটেকের ১০ লাখ ৬ হাজার টাকার, ডিবিএইচের ১৮ লাখ ৯৬ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১৫ লাখ ১০ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৫ কোটি ৬৯ লাখ ১৮ হাজার টাকার, গ্রামীণফোনের ৩ কোটি ৯১ লাখ ৫৫ হাজার টাকার, আইএফআইসির ২ কোটি ২ লাখ টাকার, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৩৩ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ২১ লাখ ৩৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১৯ লাখ ৯৬ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১ কোটি ৯ লাখ ৪১ হাজার টাকার, প্রভাতী ইনসিওরেন্সের ৫২ লাখ ৯৯ হাজার টাকার, রিপাবলিক ইনসিওরেন্সের ৬ লাখ ৩৪ হাজার টাকার, রানার অটোর ১ কোটি ৮ লাখ ৯১ হাজার টাকার, সায়হাম কটনের ৭ লাখ ৪৫ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৬ লাখ ৫ হাজার টাকার এবং সন্ধানী ইনসিওরেন্সের ১১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
