ডিএসইর অফিস সময়ে পরিবর্তন

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৪৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রি ওপেনিং ও ওপেনিং সেশন এবং ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন চালু হওয়ার কারণে ডিএসইর অফিস সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ডিএসই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। যেখানে আগের সময়সূচি ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। ডিএসইর প্রি ওপেনিং ও ওপেনিং সেশন হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সকাল ১০টা। এ সেশনে বিনিয়োগকারীরা শুধু শেয়ার কেনা বা বেচার আদেশ দিতে পারবেন। এই সেশনে একটি আইডিয়াল ওপেনিং প্রাইস নির্ধারণ করা হবে। সর্বোচ্চসংখ্যক ক্রেতা এবং বিক্রেতা যে প্রাইসে থাকবে সেটাই হবে ওপেনিং প্রাইস। নিয়মিত সময়ে গিয়ে এই ওপেনিং প্রাইসে লেনদেনটি সম্পন্ন হবে। পরে স্বাভাবিক নিয়মে নিয়মিত সেশনটি চালু থাকবে।

এদিকে দুপুর ২.৩০টায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর শুরু হবে ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন। এর ব্যাপ্তি হবে ১০ মিনিট। এ সময়ে বিনিয়োগকারীরা নতুন করে কোনো শেয়ার দর প্রস্তাব করতে পারবেন না। শুধু ক্লোজিং প্রাইসে শেয়ার কেনা বা বেচার সুযোগ পাবেন। এ সেশন শেষ হবে দুপুর ২টা ৪০ মিনিটে।