ইত্তেফাক রিপোর্ট
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ তোলার অনুমোদন পেয়েছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড। গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশিনের (বিএসইসি) এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মুখপাত্র রেজাউল করিম। তিনি জানান, অনুমোদনের বিষয়টি বিএসইসির ওয়েবসাইটে দ্রুত প্রকাশ করা হবে। অভিহিত মূল্য ১২ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা নিতে চায় এনআরবিসি ব্যাংক। এই টাকা দিয়ে ব্যাংকটির টায়ার ১ ক্যাপিটাল পূরণ করবে। পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে ১১০ কোটি টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে। সাড়ে ৬ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে। বাকি সাড়ে ৩ কোটি টাকা আইপিও বাবদ ব্যয় করা হবে। বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৫৮২ কোটি টাকা। ব্যাংকটি ২০১৯ সালে হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮২ পয়সা। সর্বশেষ ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। এনআরবিসি ব্যাংক ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি) থেকে অনুমোদন নিয়েছে। ব্যাংকটির পুঁজিবাজারে আনার কাজ করেছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড।
