জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২১:১৫

মুলাদী ও পাইকগাছা পৌরসভা নির্বাচন

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণায় করোনা প্রাদুর্ভাবকে ছাপিয়ে সরগরম হয়ে উঠছে নির্বাচনি মাঠ। প্রথম ধাপেই অনুষ্ঠিত হতে পারে ১ম শ্রেণির এই পৌরসভা নির্বাচন। তাই সভা-সমাবেশ করে ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আর ভোটারদের মধ্যেও উত্সাহ-উদ্দীপনার কমতি নেই।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিক উজ্জামান রুবেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক দিদারুল আহসান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহেদুজ্জামান আনোয়ার তালুকদার, কেন্দ্রীয় যুবলীগ নেতা দেলোয়ার হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা আলহাজ ছালেহ উদ্দিন হাওলাদার। বিএনপি নির্বাচনে অংশ নিলে প্রার্থী হতে পারেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আ. সত্তার খান, উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহমুদ খান। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মেয়র প্রার্থীর আলোচনায় রয়েছেন উপজেলা জাপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ খান। তবে বর্তমান পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল প্রার্থী হলে জাতীয় পার্টির এমপি গোলাম কিবরিয়া টিপু পৌর নির্বাচনে দলীয় প্রার্থী না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হতে পারেন উপজেলা ইশা আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম, পৌরসভা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী জানান, চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রথম ধাপে মুলাদী পৌরসভা নির্বাচন হতে পারে এবং সেই হিসেবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছা পৌরসভার নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থীরা। আওয়ামী লীগে চলছে জনসংযোগ। অন্য দিকে বিএনপির শরিক দল চুপচাপ আছে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে পাইকগাছা পৌরসভার নির্বাচন। সে অনুযায়ী চলতি মাসের যে কোনো দিন হতে পারে নির্বাচনি তপশিল। আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীরা হলেন—দুই বারের মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য, দুই বারের সাবেক পৌর কাউন্সিলর শেখ কামরুল হাসান টিপু ও তার ছোট ভাই ওয়ার্ড কাউন্সিলর আনিচুজ্জামান মুক্ত। সেলিম জাহাঙ্গীর বলেন, আমি আশাবাদী দল আবারও আমাকে মূল্যায়ন করবে। পাইকগাছা পৌর নির্বাচনের বিষয়ে শেখ কামরুল হাসান টিপু বলেন, দলীয় মনোনয়নের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। অন্য দিকে বিএনপির পাইকগাছা উপজেলা আহ্বায়ক বিশিষ্ট চিকিত্সক ডা. আ. মজিদ, চেয়ারম্যান এনামুল হক, সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজের নাম শোনা যাচ্ছে।