শিশুসহ সড়কে প্রাণ গেল চার জনের

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২১:১৮

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চার জনের প্রাণ গেছে। বুধবার সকাল ও মঙ্গলবার রাতে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

পূর্বধলা (নেত্রকোনা): দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু (২) ও সিএনজির এক যাত্রীর (৩৫) মৃত্য হয়েছে। আহত হয়েছে অপর তিন যাত্রী। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের জালশুকা এলাকায় পূর্বধলা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. শফিকুল ইসলাম খান এ তথ্য জানান।

খাগড়াছড়ি: রামগড়ের ডাটারাম পাড়া এলাকায় বুধবার সকালে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। রামগড় থানার ওসি তদন্ত মনির হোসেন জানান, নিহত চালক চৌধুরী পাড়ার মজল হকের ছেলে নূর ইসলাম।

মহেশপুর (ঝিনাইদহ): মহেশপুরে মঙ্গলবার রাত ৮টার দিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইমনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি আছে। উপজেলার ভালাইপুর-খালিশপুর সড়কের বালির গর্ত নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। উদ্ধারের জোর চেষ্টা চলছে।