হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে সড়ক ও মহাসড়কে ২৮ নভেম্বরের মধ্যে সিএনজি অটোরিকশা, নছিমন, করিমন, ইজিবাইকসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছে জেলা মটর মালিক গ্রুপ, জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ। বুধবার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। অন্যথায় ২৯ নভেম্বর সব বাস, মিনিবাস, মাইক্রোবাস জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে হস্তান্তরের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সাবেক সভাপতি মো. শফিকুর রহমান চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলী প্রমুখ।
