নির্যাতনের অভিযোগে শিশু নিরাপদ আবাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ককে জেলহাজতে প্রেরণ 

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:০৩

নড়াইলের একটি মামলায় বাগেরহাট শিশু নিরাপদ আবাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক অনিমা বাছাড়কে শিশু নির্যাতন করার অভিযোগে জেলহাজতে প্রেরণ করেছেন নড়াইলের জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক নীলুফার শিরিন। 

বুধবার (১৮ নভেম্বর) বাগেরহাট শিশু নিরাপদ আবাসন কেন্দ্রের তত্বাবধায়ক অনিমা বাছাড় নড়াইলের শিশু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গত ২৯ অক্টোবর বাগেরহাট নিরাপদ আবাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক অনিমা বাছাড়, দুই নিরাপত্তা কর্মী আনসার সদস্য জান্নাতুল ফেরদাউস ও সোমা খাতুন নড়াইলের লোহাগড়া আমলী আদালতের বিচারক মো. মোরশেদুল আলমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত দুই নিরাপত্তা কর্মী আনসার সদস্যের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার অপর আসামি বাগেরহাট শিশু নিরাপদ আবাসন কেন্দের তত্ত্বাবধায়ক অনিমা বাছাড়কে আগামী ২০ কার্য দিবসের মধ্যে নড়াইল শিশু আদালতে হাজির হওয়ার শর্তে জামিন প্রদান করেন। 

আদালতের নির্দেশনা মতে বুধবার (১৮ নভেম্বর) বাগেরহাট শিশু নিরাপদ আবাসন কেন্দ্রের তত্বাবধায়ক অনিমা বাছাড় নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং জেলহাজতে থাকা অপর দুই আসামি ওই আবাসন কেন্দ্রের নিরাপত্তা কর্মী আনসার সদস্যের জামিন মঞ্জুর করেন।

আরো পড়ুন: নিজেকে প্রমাণের সুযোগ দেখছেন বিপ্লব

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিকটিম ফারিয়া জামান বিথিকে নড়াইলের শিশু আদালত তার নিরাপত্তার জন্য বাগেরহাটের শিশু নিরাপদ আবাসন কেন্দ্রে প্রেরণ করেন। নিরাপদ আবাসন কেন্দ্রের তত্ত্বাধায়কসহ দুই নিরাপত্তা কর্মী আনসার সদস্য জান্নাতুল ফেরদাউস ও সোমা খাতুন বিথির ওপর শারীরিকভাবে নির্যাতন করে। যা পরবর্তীতে ভিকটিম বিথি নড়াইলের শিশু আদালতকে জানান। শিশু আদালতের নির্দেশে ভিকটিম ফারিয়া জামান বিথি বাদী হয়ে নিরাপদ আবাসন কেন্দ্রের তত্ত্বাধায়কসহ দুই নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে লোহাগড়া আমলী আদালতে মামলা করেন। 

উক্ত মামলায় আসামিরা জামিনের আবেদন করলে বিচারক দুই নিরাপত্তা কর্মী আনসার সদস্য জান্নাতুল ফেরদাউস ও সোমা খাতুনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং তত্ত্বাবধায়ক অনিমা বাছাড়কে জেলহাজতে প্রেরণ করেন।

ইত্তেফাক/এএএম