ওটিটি প্ল্যাটফরম নিয়ে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ করবে সরকার :তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২১:৫৮

বাসস

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নিজস্ব কৃষ্টি লালন ও বিশ্ববাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ওটিটি বা ‘ওভার দ্য টপ’ প্ল্যাটফরম নিয়ে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ করবে সরকার। তিনি গতকাল দুপুরে সচিবালয়ে ওটিটি প্ল্যাটফরম বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। তথ্যসচিব কামরুন নাহার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশীদ, চলচ্চিত্রকার অমিতাভ রেজা চৌধুরী, পিপলু খান, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া প্রমুখ বৈঠকে অংশ নেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এবং সমগ্র পৃথিবীতে ওটিটি প্ল্যাটফরমের মাধ্যমে বিনোদন, সিনেমা, নাটকসহ নানা কন্টেন্ট রিলিজ করা একটি ক্রমবর্ধমান বাস্তবতা। এগুলো মানুষ যে কোনো জায়গা থেকে উপভোগ করতে পারে। মানুষের জন্য এটি একটি ইউজার-ফ্রেন্ডলি মাধ্যম হওয়ায় ধীরে ধীরে মানুষ ওটিটি প্ল্যাটফরমে অনেক বেশি অভ্যস্ত হচ্ছে।’ ‘এই বাস্তবতায় আমরা আরো দেখতে পাই, বাংলাদেশে অনেকগুলো কন্টেন্ট নিয়ে পত্রপত্রিকায় নানা ধরনের প্রতিবেদন এসেছিল, নানা প্রশ্ন উঠেছিল, বিশেষ করে এগুলো আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, কৃষ্টি, ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে অনেকগুলো প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছিল’ উল্লেখ করে মন্ত্রী বলেন, যেহেতু সম্প্রচারের কাজও তথ্য মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত এ ব্যাপারে সবাই যাতে সতর্ক থাকে সেটি আমরা বলেছিলাম।