ইত্তেফাক রিপোর্ট
রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয়ের ১০ তলা-বিশিষ্ট শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, আমরা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় শহরটাকে নিয়ে আসতে চাই। আমরা রাত ৮টার মধ্যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ করতে চাই। বহির্বিশ্বে দেখি একটি সুনির্দিষ্ট সময়ের পরে সবকিছু বন্ধ হয়ে যায়। ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা—বিভিন্নক্ষেত্রে এলাকাভিত্তিক সেই সময়সীমা নির্ধারণ করা হয়। আমরা মনে করি, ঢাকাবাসীর জন্য ঢাকা শহরের দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করলে আমাদের সামগ্রিক কার্যক্রম একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে পারব।
এর আগে সকালে আজিমপুর আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র বলেন, আমরা দুই বছরের মধ্যে যাতে এই কাজটি সম্পন্ন করতে পারি সেজন্য এখানে আমরা ক্ষণগণনা ফলক দিয়ে দেব।
ওয়ার্ড ভিত্তিক গণশৌচাগার :ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে অন্ততপক্ষে একটি করে গণশৌচাগার করব। যে সব এলাকায় জনসাধারণের যাতায়াত বেশি, সেখানে আমরা বেশি করে গণশৌচাগার করব।
এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, ২৫ ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রমুখ উপস্থিত ছিলেন।
