বোরকার আড়ালে শরীরের গোপন স্থানে ইয়াবা লুকাতেন আসমা

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:১০

কমলাপুরে  রেল স্টেশনে গ্রেফতার ২

বিশেষ প্রতিনিধি

পর্দাশীল নারীর ছদ্মবেশে বোরকার আড়ালে শরীরের গোপন স্থানে ইয়াবা লুকাতেন আসমা বিবি। মাঝবয়সি এ নারীকে সহযোগিতা করত ঘনিষ্ঠ বন্ধু ইফতিয়াজ সাঈদ সরদার ওরফে সায়মন। অভিনব এ কৌশলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করছিল এ জুটি। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তাদের আটক করেছে র?্যাব। এ সময় তাদের কাছ জব্দ করা হয় ৩ হাজার ৫০০টি ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ইয়াবা বেচাকেনার হিসাবের খাতা, একটি লাগেজ ও ট্রেনের টিকিট। বিষয়টি নিশ্চিত করেছেন  র?্যাব-১১ এর এডিশনাল এসপি জসিমউদ্দীন চৌধুরী।

র্যাবের এ কর্মকর্তা বলেন, সূবর্ণ এক্সপ্রেস ট্রেনে যাত্রী সেজে দুই জন ইয়াবা ব্যবসায়ী চট্টগ্রাম থেকে কমলাপুর রেল স্টেশনে নেমেছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসমা ও সায়মনকে আটক করা হয়েছে। দুই বছর ধরে তারা চট্টগ্রাম ,ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ের সিন্ডিকেট গড়ে তুলেছে।

তিনি আরো জানান, ইফতিয়াজ সাঈদ সরদার ওরফে সায়মন ও আসমা বিবি চট্টগ্রামের আগ্রাবাদ  থানার সি.ডি.এ এলাকায় বসবাস করে। আট বছর আগে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সেই থেকে সায়মন কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করত। আসমা বিবি পর্দাশীল নারীর ছদ্মবেশে বোরকার আড়ালে শরীরের গোপন স্থানে লুকিয়ে ইয়াবা বহন করত। প্রতি মাসে পাঁচ-ছয় বার তারা বাস ও ট্রেনে চট্টগ্রাম  থেকে ইয়াবা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করত।

১৩২৫ পিস ইয়াবা উদ্ধার

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ১ হাজার ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—মো. মাহমুদুল হক ও মো. হোসাইন হোসেন। গতকাল বুধবার দুপুরে কমলাপুর রেল স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।