জেপির ভাইস চেয়ারম্যান জামিলুল হক বকুলের ইন্তেকাল

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:২৪

জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জেপির সভাপতি আলহাজ জামিলুল হক বকুল (৬১) গত মঙ্গলবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুতে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গভীর শোক জানিয়েছেন। শোকবার্তায় জেপির নেতৃবৃন্দ বলেন, মরহুম বকুল জেপির একনিষ্ঠ কর্মীর পাশাপাশি একজন সমাজসেবক, দানশীল ও সদালাপী ছিলেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জামিলুল হক বকুল স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে বিভিন্ন সময়ে তিনি অনুদান দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার আশকোনায় মরহুমের প্রথম নামাজে জানাজা হয়। পরে বাদ জোহর সরাইলের দেওরা লস্কর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আগামী শনিবার বেলা ১১টায় রাজধানীর লালমাটিয়াস্থ জেপির কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মী এবং তার শুভানুধ্যায়ী ও স্বজনদের উপস্থিত থাকার জন্য জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদ অনুরোধ জানিয়েছেন।