বরিশালে একটি দুর্নীতি মামলায় সদ্য সাত বছর দণ্ডিত হয়ে কারান্তরীণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নুরুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। গতকাল বুধবার এই আদেশ জারি হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর শূন্য পদে নির্বাহী প্রকৌশলী আব্দুল মোতালেবকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানান, একটি দুর্নীতি মামলায় বিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নুরুল ইসলামকে গত ৯ নভেম্বর সাত বছর কারাদণ্ডের আদেশ দেন একটি আদালত। আদালতে দণ্ডিত হওয়ায় তাকে গত মঙ্গলবার স্থায়ীভাবে বরখাস্ত করে গতকাল সংশ্লিষ্ট শাখায় আদেশ পাঠিয়ে দেওয়া হয়। ১৯৯৫-৯৬ অর্থ বছরে তত্কালীন পৌরসভার উন্নয়ন বরাদ্দের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের একটি মামলায় গত ৯ নভেম্বর বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালত সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামালসহ পাঁচ জনকে সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেন।
