জন্মলগ্ন থেকেই বিএনপি সন্ত্রাসের চর্চা করছে --------- ওবায়দুল কাদের

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:২৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে বিএনপি জন্মলগ্ন থেকেই নৈরাজ্য, হত্যা ও সন্ত্রাসের চর্চা করে আসছে। গতকাল বুধবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘দেশে আগ্রাসী শক্তি আঘাত হানছে’ মর্মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগ্রাসী শক্তি বলতে তিনি কী বুঝিয়েছেন? বিএনপির রাজনীতিতে হতাশা আর ব্যর্থতা এতটাই ভর করেছে যে এখন তারা আর মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারে না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর       সঙ্গে সুসম্পর্ক স্থাপন না করে তৈরি করেছে বিভেদ আর অবিশ্বাসের দেওয়াল।

‘দেশের স্বাধীনতা বিপন্ন’ মর্মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতা নয়, অপরাজনীতির জন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যত্ বিপন্ন।  সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের ইমেজ নষ্ট করছে, দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার পাশাপাশি বিদেশে অবস্থানকারী লাখ লাখ প্রাবাসী কর্মীর কর্মসংস্থানকেও অস্থিতিশীল করে তুলছে।

তিনি বলেন, আগুন-সন্ত্রাসসহ নৈরাজ্যের সঙ্গে যারাই জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আশঙ্কা এবং পূর্বাভাস নিয়ে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার আহ্বান জানান।