টানা তিন দিন ২ হাজারের বেশি করে রোগী শনাক্ত

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:২৯

করোনা ভাইরাস মহামারির মধ্যে দুই মাসের বেশি সময় দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দেড় হাজারের আশপাশে থাকলেও সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা জাগিয়ে টানা তৃতীয় দিনের মতো ২ হাজারের বেশি রোগী শনাক্ত হওয়ার খবর এসেছে। গতকাল বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে দেশে আরো ২ হাজার ১১১ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ২১ জনের। তাতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫। আর করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার ২ হাজার ২১২ জন এবং সোমবার ২ হাজার              ১৩৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের ১০ সপ্তাহে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজারের নিচেই ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ বাড়তে থাকায় এবং শীতের আগে আবহাওয়ায় পরিবর্তন আসায় বাংলাদেশেও সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৮৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭টি ল্যাবে ১৬ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ, মোট শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।