বাইডেন-মোদি ফোনালাপ কৌশলগত সম্পর্ক মজবুত করার অঙ্গীকার

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:২৯

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার মধ্যরাতে এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী মোদি নিজেই এই তথ্য জানিয়েছেন। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্ক আরো মজবুত করার কথাও বাইডেনকে বলেছেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানানোর কথা বাইডেনকে বলেছেন তিনি। আগামী দিনে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ফোনালাপ জরুরি ছিল। বাইডেনের সঙ্গে ফোনালাপ নিয়ে নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, ‘আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে ফোনে শুভেচ্ছা জানালাম।       ভারত ও আমেরিকার কৌশলগত সম্পর্কেও প্রতিশ্রুতি আগামী দিনেও বজায় রাখার অঙ্গীকার করেছি আমরা। জলবায়ু পরিবর্তন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, কোভিড-১৯ মহামারি মোকাবিলার মতো বিষয়গুলো নিয়েও কথা হয়েছে।’ মঙ্গলবার রাতের ফোনালাপে কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। তার টুইট—কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানিয়েছি। তার সাফল্য ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সম্প্রদায়ের কাছে গর্বের ব্যাপার।