এএসপি আনিসুল হত্যা রিমান্ড শেষে আরো চার জন কারাগারে

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:৩০

পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যা মামলায় রাজধানীর আদাবরের মাইন্ড এইড মানসিক হাসপাতালের আরো চার কর্মচারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মারধর করে এএসপি আনিসুলকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মনির আহমেদ বলেন, চার আসামিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার       তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফারুক মোল্লা। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৭ নভেম্বর মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ১৩ নভেম্বর হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুনকে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ১০ নভেম্বর ঐ হাসপাতালের ১০ কর্মকর্তা-কর্মচারীকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে ১৫ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান আসামি শেখ মাসুদ ও অসীম চন্দ্র পালের জবানবন্দি গ্রহণ করেন। ১৬ নভেম্বর মাইন্ড এইডের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয় ও সজীব চৌধুরী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ১৭ নভেম্বর আসামি হানিফ মোল্লা ও তানভীর হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে তারা কারাগারে রয়েছে। আর গত মঙ্গলবার গ্রেফতার করা হলেও অসুস্থতার কারণে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিত্সাধীন আছেন পরিচালক নিয়াজ মোর্শেদ।