চট্টগ্রাম থেকে রাজধানীর বাড্ডায় এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা, গাইবান্ধার সাদুল্লাপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি, ঢাকার আশুলিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি এবং পাবনার চাটমোহরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার জানান, রাজধানীর বাড্ডায় এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল বুধবার পুলিশ ঐ ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিসে ভর্তি করে। মঙ্গলবার মধ্যরাতে বাড্ডা থানার বড় বেরাইদ এলাকায় তিনি ধর্ষণের শিকার হন। বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন আলী গতকাল ইত্তেফাককে জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলার তিন নম্বর আসামি ওহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, ধর্ষণের শিকার ঐ তরুণী চট্টগ্রামের বাসিন্দা। ঢাকায় বসবাসকারী তার স্বামী কয়েক মাস যাবত্ যোগাযোগ বিচ্ছিন্ন করায় গত মঙ্গলবার ঐ তরুণী চট্টগ্রাম থেকে বাড্ডার বড় বেরাইদ এলাকায় তার স্বামীকে খুঁজতে আসলে সাব্বির, তার বন্ধু শাহামত ও ওহিদ মিয়া ঐ তরুণীকে একটি বাসায় আটকে রেখে সারারাত ধর্ষণ করে।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জে নাতনিসহ সাত বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত দাদা কামাল হোসেনকে (৭০) উপজেলার জালকুড়ি এলাকা থেকে আটক করা হয়। গতকাল বুধবার পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, সাদুল্লাপুরে ধর্ষণের অভিযোগে আল-আমিন মিয়া (৩০) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার, সাভার (ঢাকা) জানান, আশুলিয়ায় ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি ফজলুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আশুলিয়া থানার উপপরিদর্শক ইকবাল হোসেন গতকাল জানান মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের তালুকনগর এলাকা থেকে ফজলুল হককে (৪৫) গ্রেফতার করা হয়।
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, চাটমোহরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বপন হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, ভোলাহাটে পাঁচ বছরের এক শিশুকন্যা ধর্ষণ মামলায় মো. রুবেল ওরফে ফয়সাল (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে এলাকাছাড়া করার অভিযোগ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, বন্দরের ফুলহরে ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারকে এলাকাছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় সালিশকারকরা ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে ধর্ষকের পক্ষ নিয়ে ঐ কিশোরীর পিতাকে আইনের আশ্রয় নিতে না দিয়ে তাদেরকে এলাকাছাড়া করে। নিরূপায় হয়ে ভুক্তভোগী পরিবারটি গ্রামের বাড়ি রূপগঞ্জে চলে যায়।
