বাঘারপাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:৩১

যশোরের বাঘারপাড়া উপজেলায় উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুউেপক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে স্বতন্ত্রপ্রার্থী দিলু পাটোয়ারী ইন্দ্রা বাজারে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলার সময় নৌকা প্রতীকের এক সমর্থকের সঙ্গে দিলুর তর্ক হয়। একপর্যায়ে নৌকার সমর্থকেরা দিলু পাটোয়ারীকে আটকে রাখার চেষ্টা করেন। তখন দিলুর সমর্থকরা তাকে উদ্ধার করতে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর দেবর জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল দাবি করেন, পরিকল্পিতভাবে তাদের ওপর দিলু পাটোয়ারীর সমর্থকরা হামলা করে।

বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, এ ঘটনায় ১৭ জনকে       আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে সাহেব ও পিকুল নামে দুই জনকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাদী হয়েছেন নৌকার সমর্থক জাকির হোসেন।  আগামী ১০ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেলে পদটি শূন্য হয়।