নগরীর দিদার মার্কেট এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করত রূপালী আক্তার রূপা। কিন্তু এলাকার কয়েক জন বিপথগামী যুবকের পাল্লায় পড়ে বছরখানেক আগে রূপা ইয়াবা সেবন শুরু করে। এরপর ইয়াবার টাকা জোগাতে নেমে পড়ে ছিনতাইয়ে। তার ইয়াবার নেশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত দুই দিনে চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে সে। এর মধ্যে দুই জনকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করেছে। শেষ পর্যন্ত দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছে রূপা। ছিনতাই করা দুইটি মোবাইল ফোন স্টেশন রোডে বিক্রি করতে গিয়ে মঙ্গলবার রাতে গ্রেফতার হয় রূপা ও তার দুই সহযোগী রাকিবুল হাসান রাকিব ও মো. আলাউদ্দিন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন সাংবাদিকদের জানান, ইয়াবা কেনার জন্য মরিয়া হয়ে উঠেছিল রূপা। গত সোমবার সন্ধ্যায় সে রাকিবকে নিয়ে রহমতগঞ্জ এলাকায় গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ের সামনে অরবিন্দু দত্ত নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে। এর আগে জামালখান এলাকায় এক জনের কাছ থেকে মোবাইল ছিনতাই করে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় নগরীর চকবাজার এলাকায় এক জনের কাছ থেকে মোবাইল ছিনতাই করে। এরপর রাত ৮টার দিকে চকবাজার থানার সার্সন রোডের মুখে রাজু আহাম্মদ নামে এক জনকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে। এভাবে দুই দিনে তারা মোট চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়।
