কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান

‘কেউ যেন হয়রানির শিকার না হন’

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০০:১০

দুদকের দ্বারা কেউ যেন হয়রানির শিকার না হন—সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে এক ভার্চুয়াল সভায় দুদক চেয়ারম্যান এ আহ্বান জানান। এ সভায় কমিশনের সব মহাপরিচালক ও পরিচালক উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।

সভায় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগ গ্রহণ থেকে প্রসিকিউশন পর্যন্ত প্রতিটি ধাপে কর্মকর্তাদের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। অভিযোগ গ্রহণের ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম প্রবর্তন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে মার্কিং সিস্টেম  স্বচ্ছতার সঙ্গে প্রয়োগ করতে, যাতে অভিযোগের প্রাথমিক বস্তুনিষ্ঠতা, ব্যাপকতা, আর্থিক সংশ্লেষের পরিমাণ সর্বোপরি দুদক আইনের তপশিল ও বিদ্যমান বিধিবিধানের সঠিক প্রতিফলন ঘটে।