মাস্ক পরাতে মাঠে ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০০:১১

মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ (ওয়েভ) প্রতিরোধের জন্য রাজধানী ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম, বিনা মূল্যে মাস্ক বিতরণ ও মাস্ক না পরা ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল রাজধানী ঢাকা ও এর আশপাশে একযোগে ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব আদালতের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও গরিব অসহায় মানুষকে মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক থাকা সত্ত্বেও না পরে বাইরে বের হওয়ার অপরাধে ৮৩ জনকে অর্থদণ্ড দিয়েছে এসব ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। খিলক্ষেত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান। সেখানকার অসহায় মানুষ বিশেষ করে রিকশাচালক ও দিনমজুরদের মাস্ক বিতরণ ও জনসচেতনতা তৈরির পাশাপাশি মাস্ক না পরার অপরাধে ১২ জনকে অর্থদণ্ড দিয়েছেন। একইভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় কেরানীগঞ্জ উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে। এছাড়া রাজধানীর জজ কোর্ট এলাকা, সিএমএম আদালত এলাকা, বাহাদুর শাহ পার্ক, সচিবালয়সহ বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উত্সাহিত করতে মাইকিং করা হয়। এ সময় গরিব ও অভাবী লোকজনের মধ্যে ১ হাজার ৪০০ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে ৮৩টি মামলায় ৮৩ জন ব্যক্তিকে ২৪ হাজার ১৮০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।