ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বুকলেট এবং ৪০ লাখ লেমিনেশন ফয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরাসরি পদ্ধতিতে এই পাসপোর্ট কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। কোন প্রতিষ্ঠান থেকে কত টাকায় এগুলো সংগ্রহ করা হবে, তা ঠিক হয়নি। নীতিগত অনুমোদনের পর এবার ক্রয় কার্যক্রম শুরু হবে।
গতকাল অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৪টি প্রস্তাব অুনমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রীর সভাপতিত্বে উভয় বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রয় কমিটির বৈঠকে বিদ্যুত্ বিভাগের চারটি এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি প্রস্তাবনা ছিল। ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১২৭ কোটি ৮ লাখ টাকা।
বিদ্যুত্ বিভাগের প্রকল্পগুলোর মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ১৭ হাজার ৪০ কিলোমিটার কনডাক্টর ক্রয়, ৩৫ কিলোমিটার ১১০০ ও ৩৩০০ ভোল্ট আন্ডারগ্রাউন্ড ক্যাব্ল ক্রয়, ২৯৫ কিলোমিটার কনডাক্টর ক্রয় ও হবিগঞ্জের শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুেকন্দ্রের গ্যাস টারবাইন ইউনিট ১ ও ২-এর পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য খুচরা যন্ত্রাংশ এবং বিশেষজ্ঞ সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ‘ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি)’ প্রকল্পে (৩য় সংশোধিত) পরামর্শক প্রতিষ্ঠানের ভেরিয়েশন বাবদ ১৩ কোটি ৩ লাখ ৪ হাজার টাকার প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন চাওয়া হলে সেটি আরো যাচাই-বাছাই করার জন্য ফেরত দেওয়া হয়েছে।
