গাজীপুর থেকে রাজবাড়ী যাওয়ার পথে ২২টি অটোরিকশার যন্ত্রাংশ ভর্তি কাভার্ড ভ্যান ছিনতাই হওয়ার ১৬ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নোয়াখালীর সুধারাম থেকে যন্ত্রাংশসহ কাভার্ড ভ্যান উদ্ধার এবং কুমিল্লার দাউদকান্দি থেকে চালক শামীমকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপির পূবাইল থানা পুলিশ।
জিএমপি উপ-কমিশনার ডিবি (মিডিয়া) মো. জাকির হোসেন জানান, গত ১ নভেম্বর গাজীপুর শহরের চান্দনা সিমেনা হল এলাকার লোমিনাস এন্টারপ্রাইজ অটোরিকশার কারখানা থেকে ঐ যন্ত্রাংশ বনফুল ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ড ভ্যানে রাজবাড়ী শহরের ডিলাল এন্টারপ্রাইজে পাঠানো হচ্ছিল। চালক শামীম হোসেন (২৪) পূর্ব পরিকল্পিতভাবে কাভার্ড ভ্যানটি নোয়াখালীর সুধারামে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন মামলা হলে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার প্রথমে দাউদকান্দি থেকে চালক শামীম ও হেলপার মিরাজ হোসেন ওরফে মিল্লাতকে (১৮) গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুধারাম থেকে কাভার্ড ভ্যানসহ যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার হওয়া চালক ও হেলপার একটি ছিনতাইকারী দলের সদস্য। রাজবাড়ী যাওয়ার পথে নাম্বার প্লেট, চালকের লাইসেন্স ও ছিনতাইয়ের সময় তারা কাভার্ড ভ্যানের বনফুল ট্রান্সপোর্ট এজেন্সির লেখার ওপর ‘নিউ বাংলাদেশ কার্গো লিমিটেড’ লেখা স্টিকার লাগিয়ে নোয়াখালী নিয়ে যায়। চালক শামীম একইভাবে আরো ছিনতাই করেছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে।
