ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০০:১৫

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিয়ন্ত্রিত একটি ফাউন্ডেশনও রয়েছে এই তালিকায়। ওয়াশিংটন এমন সময় এই নিষেধাজ্ঞা আরোপ করল, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি থেকে ক্ষমতা থেকে বিদায় নিচ্ছেন। যদিও তার দেশে অনুষ্ঠিত নির্বাচনে এখনো পরাজয় স্বীকার করেননি। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, খামেনির পৃষ্ঠপোষকতার নেটওয়ার্কের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বোনায়াদ  মোস্তাজাফান নামের এই প্রতিষ্ঠানটি খামেনিই নিয়ন্ত্রণ করেন। এছাড়া আরো ১০ ব্যক্তি ও ৫১ প্রতিষ্ঠানের ওপর নিষেধজ্ঞা আরোপ করা হয়েছে।  মার্কিন অর্থমন্ত্রী  স্টিভেন মনুচিন বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা তার মিত্রদের দাতব্য সংস্থার ছদ্মাবরণে পুরস্কার দিতে বোনায়াদ মোস্তাজাফানকে ব্যবহার করতেন। যেসব কর্মকর্তা ও সম্পদ উপার্জনের মাধ্যমে দেশটির শাসকরা তাদের জনগণের ওপর নিপীড়ন চালানো অব্যাহত রাখবে সেগুলোকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হিসেবে রাখবে। —রয়টার্স