সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পর দূতাবাস খুলতে ঐকমত্যে পৌঁছেছে বাহরাইন ও ইসরাইল। গতকাল বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। গতকাল ইসরাইলে বাহরাইনি কর্মকর্তাদের প্রথম সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জায়ানি জানিয়েছেন, আগামী ডিসেম্বরে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশখিনাজি মানাম সফর করবেন। তিনি বলেছেন, আমি আনন্দিত যে, মন্ত্রী আশখিনাজির কাছে বাহরাইনের বাদশাহর দূতাবাস খোলার আনুষ্ঠানিক অনুরোধ পৌঁছে দিতে পেরেছি এবং তাকে মানামায় ইসরাইলি দূতাবাস খোলার অনুমতি মঞ্জুর করা হয়েছে বলে আমি জানিয়েছি। আশখিনাজি জানিয়েছেন, মানামায় ইসরাইলি দূতাবাস উদ্বোধন অনুষ্ঠান চলতি বছরের শেষ দিকে হবে বলে তিনি আশা করছেন। এ সময় বাহরাইনের নাগরিকরা ইসরাইলে সফরের জন্য অনলাইনে ভিসার আবেদন করতে পারবে। এছাড়া শিগিগরই দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চালু হবে। —আলজাজিরা
