যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক রিপাবলিকান মনে করেন, সত্যিকারের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জয় পেয়েছেন। কিন্তু প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ট্রাম্পের জয়কে ছিনিয়ে নিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে জিতিয়ে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স/ইপসোসের জরিপে এই তথ্য পাওয়া গেছে।
গত ১৩-১৭ নভেম্বর পর্যন্ত জরিপ পরিচালনা করা হয়। জো বাইডেন ইলেকটোরাল এবং পপুলার উভয় ভোটে জয় পেলেও প্রেসিডেন্ট ট্রাম্প এই ফলাফলকে মানতে অস্বীকৃতি জানিয়েছেন। তার এই বিরোধিতা মানুষের মধ্যে প্রভাব ফেলেছে বলে জরিপে দেখা যায়।
জরিপের ফল বলছে, সব মিলিয়ে ৭৩ শতাংশ স্বীকার করেছেন যে, বাইডেন জিতেছেন। মাত্র ৫ শতাংশ ট্রাম্পকে জয়ী বলে উল্লেখ করেছেন। কিন্তু যখন জিজ্ঞাসা করা হয়েছে বাইডেন সঠিক পন্থায় জয়ী হয়েছেন কি না, তখন রিপাবলিকান ভোটাররা বলেছেন, এ বিষয়ে তাদের সন্দেহ আছে। ৫২ শতাংশ রিপাবলিকান মনে করেন, ট্রাম্পই সঠিকভাবে জিতেছেন। ২৯ শতাংশের মতে, বাইডেন সঠিক পন্থায় জয়ী হয়েছেন।
