মুন্সীগঞ্জে মেঘনায় ট্যাংকারে ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২০

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৩:৩৭

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরঝাপটার কাছে মেঘনা নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মাটিবোঝাই ট্রলারডুবির ঘটনায় ২০ জন নিখোঁজ রয়েছেন। সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে ১৪ জন শ্রমিক। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

 

মুন্সীগঞ্জ সদরের ইউএনও ফারুক আহম্মেদ বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে দুর্ঘটনার স্থান চিহ্নিত করতে সমস্যা হচ্ছিল। দুর্ঘটনা কবলিত ট্রলারটি শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কাজ করছে।

 

ইউএনও জীবত শ্রমিকদের বরাদ দিয়ে জানান, কুমিল্লার দাউদকান্দি থেকে ট্রলারে মাটি তুলে ৩৪ জন শ্রমিক নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী নিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। 

আরো পড়ুন : টিআইবির প্রতিবেদনের সঙ্গে জামায়াত-বিএনপির বক্তব্যের পার্থক্য নেই : তথ্যমন্ত্রী

নিখোঁজ ২০ জনের মধ্যে ১৮ জনের পরিচয় মিলেছে, তারা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মুণ্ডুমালা গ্রামের গোলাই প্রামাণিকের ছেলে সোলেমান হোসেন, জব্বার ফকিরের ছেলে আলিফ হোসেন ও মোস্তফা ফকির, গোলবার হোসেনের ছেলে নাজমুল হোসেন ১, আব্দুল মজিদের ছেলে জাহিদ হোসেন, নূর ইসলামের ছেলে মানিক হোসেন, ছায়দার আলীর ছেলে তুহিন হোসেন, আলতাব হোসেনের ছেলে নাজমুল হোসেন-২, লয়ান ফকিরের ছেলে রফিকুল ইসলাম, দাসমরিচ গ্রামের মোশারফ হোসেনের ছেলে ওমর আলী ও মান্নাফ আলী, তোজিম মোল্লার ছেলে মোশারফ হোসেন, আয়ান প্রামাণিকের ছেলে ইসমাইল হোসেন, সমাজ আলীর ছেলে রুহুল আমিন, মাদারবাড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে আজাদ হোসেন, চণ্ডিপুর গ্রামের আমির খান ও আব্দুল লতিফের ছেলে হাচেন আলী এবং উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রহমত আলী।

 

 

ইত্তেফাক/ইউবি