জেলা শহর নেত্রকোনার সঙ্গে কেন্দুয়া উপজেলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার যাতায়াতের একমাত্র রাস্তা। দুই বছরেরও বেশি সময় ধরে এই দুর্দশাগ্রস্ত রাস্তায় চলাচল করছে মানুষজন। কেন্দুয়া থেকে নেত্রকোনার ২৭ কিলোমিটার রাস্তা যেতে যেখানে সময় লাগত ৪০ মিনিট, সেখানে বর্তমানে দুই থেকে আড়াই ঘণ্টা সময়েও পৌঁছাতে কষ্ট হয়। ভাড়াও বেড়েছে অনেকটা। শুধু যাত্রীর ভোগান্তিই নয়, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত দুই বছরে অনেকবার রাস্তাটি সংস্কারের কথা উঠলেও এখন পর্যন্ত বাস্তব কোনো কার্যক্রম চোখে পড়েনি। মানুষের নিরাপদ যাতায়াতের লক্ষ্যে কেন্দুয়া-নেত্রকোনা রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
দেলোয়ার হোসেন রনি
কেন্দুয়া, নেত্রকোনা
