একটি তাল বৃক্ষ বড় হতে সময় নেয় অনেক দিন। রাস্তার ধারে তাল বৃক্ষ দেখা যায় অনেক জায়গাতেই। তালগাছ এবং বৈদ্যুতিক খুঁটি দুটোই আমাদের দরকার। যেহেতু বারবার বলা হচ্ছে বজ্রপাত নিরোধক তাল বৃক্ষ আরো বাড়ানোর কথা, সেখানে বৈদ্যুতিক লাইন টানার জন্য তালগাছের ক্ষতি সাধন কোনোভাবেই কাম্য নয়। সবচেয়ে আশ্চর্যের ব্যপার হলো গাছের মাথা কেটে দেওয়া হয়। এতে করে গাছ অনেক সময়ই মারা যায়। একদিকে সরকারের বৃক্ষরোপণ অন্যদিকে এভাবে বৃক্ষ নিধন পরিবেশের জন্য হুমকি বাড়াচ্ছে। পরিবেশের কথা ভেবে রাস্তার পাশের বৃক্ষের ব্যাপারে সচেতন হওয়া জরুরি। বিদ্যুত্ বিভাগ এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের একসঙ্গে বসা উচিত, তা না হলে বৃক্ষের প্রতি এমন অনাচার হতেই থাকবে। বৈদ্যুতিক খুঁটি উঁচু করে দিতে হবে অথবা মাটির নিচ দিয়ে নেওয়া গেলে বৃক্ষ নিধনের মতো বিষয়গুলো থেকে আমরা বের হয়ে আসতে পারব। গাজীপুরের শ্রীপুরের গাজীপুর গ্রামের রাস্তার অনেক জায়গাতেই তালগাছের মাথা কাটা হয়েছে। ভাওয়াল ও মধুপুরের গড়ের ভেতর দিয়ে রাস্তার পাশে অনেক গজারিগাছও কাটা হয়েছে বিদ্যুত্ লাইন টানার জন্য! বিষয়টি নজরে আনা প্রয়োজন বলে মনে করি।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর
