মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতু প্রয়োজন

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২০:৩৬

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এই উপজেলায় ইউনিয়ন রয়েছে নয়টি। এখানকার বাসিন্দাদের নিয়মিত কক্সবাজার যেতে হয়। পরিতাপের বিষয় হলো, মহেশখালী-কক্সবাজার সংযোগ কোনো সেতু নেই। নৌপথে কক্সবাজার যেতে হয়। অনেক সময় নৌকাডুবিতে মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে এখানে সেতু না হওয়ার যৌক্তিক কারণ হিসেবে অনেকে বলতে পারেন—এ সেতু দিয়ে তেমন কোনো বাণিজ্যিক লেনদেন হবে না। কিন্তু তার চেয়েও বড় যৌক্তিক কারণ হলো আমাদের সেতু প্রয়োজন। এখানে লাভ-লোকসানের হিসাব করার প্রশ্নই আসে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ‘আমার দেখা নয়াচীন’ বইতে সরকার জনগণের জন্য যে অর্থ ব্যয় করে তা থেকে আয় না হলেও সেটাকে লোকসান হিসেবে দেখেননি। পরিশেষে, এই দ্বীপবাসীর জন্য মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতু বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুুল খালেক

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়