শেয়ারবাজার

শেষ কর্মদিবসেও প্রধান সূচকের পতন

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:২০

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে। তবে বেড়েছে বাছাই করা দুটি সূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৭৯ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় দুই পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৯৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় রয়েছে ১৬৫টি এবং ৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৮১ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩৬ কোটি ৭ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৬৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৭৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো, গ্রামীণফোন, গ্রামীণ ওয়ান : স্কিম টু, অ্যাসোসিয়েট অক্সিজেন, এ বি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৮টির এবং ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে।