বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বুধবার বিএসইসির ৭৪৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি সাধারণ শেয়ার ইস্যু করবে।
জানা গেছে, বুক বিল্ডিং পদ্ধতির নিলামে ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফের কাট-অফ প্রাইস ৩০ টাকা নির্ধারণ হয়েছে। কোম্পানিটি ১৫০ কোটি টাকা সংগ্রহে মোট ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করবে। এ হিসেবে প্রতিটি শেয়ারের ইস্যু দর পড়বে ৩৩ দশমিক ১৫ টাকা।
কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকার জন্য ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করা হবে। অর্থাত্ যোগ্য বিনিয়োগকারীরা গড়ে প্রতিটি শেয়ার কিনবেন ৩৯ দশমিক ৩০ টাকা করে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।
