শেয়ারবাজারে তালিকাভুক্ত স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) আইন ভঙ্গের দায়ে কোম্পানিটির চেয়ারম্যান ও তিন কর্মকর্তাসহ কয়েকজনকে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বুধবার বিএসইসির ৭৪৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, স্টাইলক্রাফটের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫-এর বিধি ৪(১) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯৯-এর সেকশন ১৭(ই)(ভি) ভঙ্গের দায়ে কোম্পানির চেয়ারম্যান ও তিন কর্মকর্তাসহ কতিপয় ব্যক্তিকে তাদের অর্জিত মুনাফার চেয়ে বেশি জরিমানার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
