ওজনে কারচুপির অভিযোগে ১৩ প্রতিষ্ঠানের জরিমানা

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:২২

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ১৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও কিশোরগঞ্জ জেলা প্রশাসন। গতকাল ঢাকা মহানগরীর বাড্ডা এবং কিশোরগঞ্জ জেলার সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও ঢাকা মহানগরীতে সার্ভিল্যান্স টিমের মাধ্যমে এ মামলা ও জরিমানা করা হয়। ঢাকা মহানগরীর বাড্ডা এলাকার রাফসান বিল্ডার্স (রড সিমেন্টের দোকান) ২ হাজার ২০০ কেজি ধারণক্ষমতার একটি ডিজিটাল প্ল্যাটফরম স্কেলে প্রতি ১০০ কেজিতে ৪০০ গ্রাম এবং খান এন্টারপ্রাইজ  ১ হাজার ২০০ কেজি ধারণক্ষমতার দুইটি প্ল্যাটফরম স্কেলে প্রতি ১০০ কেজিতে ৬০০ ও ৫০০ গ্রাম করে কম প্রদান করায় প্রতিষ্ঠান দুইটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এর আগের দিন বুধবারও বাড্ডায় অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে জরিমানা ও মামলা করা হয়। একই দিনে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও বিএসটিআইর যৌথ উদ্যোগে কিশোরগঞ্জ জেলা সদরে বিভিন্ন মিষ্টান্ন, বস্ত্র ও ইলেকট্রিক্যাল পণ্যের দোকানে অভিযান চালিয়ে ওজন ও পরিমাপে কম দেওয়াসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি মামলা করা হয়।