কাভার্ড ভ্যানসহ সাড়ে ৮ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:২৮

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে পটিয়ায় একটি কাভার্ড ভ্যান জব্দ করে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের চালক, হেলপারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। বুধবার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সীরহাট এলাকায় এ অভিযান চালায় পটিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো গাড়িচালক মোহাম্মদ আলী, হেলপার মোহাম্মদ ইসমাইল ও আব্দুর রহিম। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের উপজেলার কমলমুন্সীরহাট এলাকায় কাভার্ড ভ্যানটি তল্লাশি করা হয়। তখন খালি ভ্যানে লুকিয়ে রাখা ইয়াবার প্যাকেট পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে তিন জনকে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলে পাঠান।