বরিশালে ১২ ফার্মেসিকে জরিমানা

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:২৯

বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্ট্রার্ড ফার্মাসিস্ট না থাকায় ১২টি ফার্মেসিকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এবং মো. আলী সুজার নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কাশীপুর, নথুল্লাবাদ ও বটতলা বাজার এলাকায় এই পৃথক অভিযান পরিচালিত হয়। মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত নগরীর বটতলা ও নথুল্লাবাদ এলাকায় আটটি ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্ট্রার্ড ফার্মাসিস্ট না থাকায় আটটি ফার্মেসি থেকে ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে নগরীর কাশীপুর এলাকায় একই অপরাধে চারটি ফার্মেসি থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করে রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত। ১২টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ জব্দ করে ধ্বংস করা হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।