চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট এলাকার একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। জানা যায়, আজ বুধবার দুপুর আড়াইটায় ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা এলাকায় মো. মোস্তাকিমের ডিপোতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়ে।
তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনের তীব্রতায় ১২টি পরিবারের ঘর পুড়ে যায়। তিনটি তেলের গাড়িসহ ডিপোর সম্পূর্ণ তেল পুড়ে যায়। এতে পুরো এলাকা জুড়ে অন্ধকারে পরিণত হয়। প্রায় ১২ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয় বলে এলাকার চেয়ারম্যান আলহাজ সালাউদ্দিন আজিজ জানান।
আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণিক সীতাকুণ্ডের ২টি ও চট্টগ্রাম শহর থেকে ১০টি ইউনিটসহ মোট ১২টি ফায়ার সার্ভিসের ২৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে, স্থানীয় সাংসদ আলহাজ মো. দিদারুল আলম, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ সালাউদ্দিন আজিজ,স্থানীয় মেম্বার মো. জাবেদ, অন্যান্য মেম্বারবৃন্দসহ আশেপাশের লোকজন ফায়ার আসার আগেই আগুন নেভানোর চেষ্টা করে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ভয়াবহ তাপদাহ
এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘আমরা ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
